কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার জনবল, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, কৃষি খাতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে এবং কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। আদা, মরিচ, টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি-নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রপ্তানিমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারই প্রথম মাটির গুণগত মান রক্ষায় কার্যকরভাবে কাজ শুরু করেছে। এ সময় মাটি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়ানোর মাধ্যমে মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে কৃষক পর্যায়ে বেশি সার সরবরাহ করা হয়েছে। মন্ত্রী জানান, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’ জারি করা হয়েছে।
বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং জোরদার, কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত, যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতল এলাকার বিভিন্ন পরিত্যক্ত স্থানে তুলা উৎপাদন, চরাঞ্চলে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষ, কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার এবং কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতি বলেন, কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর সরকারের অনেক সফলতা নির্ভর করছে। কৃষি মন্ত্রণালয় আরও গতিশীলভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টেকসই ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বৈঠকে কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম এমপি, মোঃ মোস্তাফিজুর রহমান এমপি, মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি, মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি, মোছাঃ সাবিরা সুলতানা এমপি, মোঃ গোলাম রছুল এমপি এবং মোঃ আব্দুল বারী সরদার এমপি অংশ নেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




