
রাজধানীতে গতকাল শনিবার চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকার কেরানীগঞ্জে একটি পিকআপে আগুন দেওয়া হয়। যাত্রাবাড়ীসহ রাজধানীর তিন জায়গায় আটটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক রিকশাচালকসহ দুজন আহত হন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৩৪০টি চেকপোস্ট বসায় পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বরে অভিজাত পরিবহন এবং প্রায় একই সময় পল্লবীর ১১ নম্বরে শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে বাড্ডায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১টার দিকে মাতুয়াইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল থানার সামনে জব্দ করা পিকআপে আগুন দেওয়া হয়।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এর আগে ডিএমপি সদরদপ্তর ও পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন। সেখানে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের করণীয় নিয়ে নির্দেশনা দেওয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘সিনিয়র কর্মকর্তারা মাঠ থেকে চেকপোস্ট ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি নিজেও ঘুরে ঘুরে সব তদারক করছি। আমার এলাকায় ৫০টির মতো চেকপোস্ট বসানো হয়েছে।’
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা মিরপুর ১-এ অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বাসের একটি সিট পুড়ে গেছে।
পল্লবী থানার ওসি হাসান বাসির বলেন, যাত্রীবেশে বাসে উঠে ১১ নম্বরে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমীন বলেন, একটি বাস বাড্ডার ইউলুপের নিচে ওয়ার্কশপে দাঁড়ানো ছিল। পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে আগুন নেভানো হয়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সন্ধ্যায় যাত্রাবাড়ীর মোড়ে চারটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
এছাড়া রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এক পথচারী আহত হয়েছেন।
রাত সাড়ে ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঢাকা রেলওয়ে থানার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের ৫৫৭ নম্বর পিলারের পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম থেকে বেতার বার্তায় সব থানা পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে থাকতে বলা হয়েছে সব কর্মকর্তাকে। ।
ডিএমপির দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, কোনো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে একটি ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিতে না পারে, সেজন্য মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের তৎপর থাকতে বলা হয়েছে। ইউনিফর্মের পাশাপাশি বিপুলসংখ্যক গোয়েন্দা সদস্য মাঠে কাজ করছেন।




