
জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন তিনি।
মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত, অনুমোদিত ও প্রস্তাবিত নতুন প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন। পাশাপাশি ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন। সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলেন তিনি।
সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, একই ধরনের প্রকল্পগুলো ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করা হলে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমবে। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতা বাড়বে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




