
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের আওতায় পুনঃখনন করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অধিক্ষেত্রাধীন ১৫টি খাল ডিএসসিসির কাছে হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাপাউবোর প্রধান কার্যালয় পানি ভবনে মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে বাপাউবোর মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল), বাপাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (বোর্ড) এস এম হুমায়ূন কবীর। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাপাউবোর মহাপরিচালক প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, ডিএনডি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়নে পুনঃখননকৃত খালগুলোর যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, খাল পুনঃখননের পর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে এর কাঙ্ক্ষিত সুফল দীর্ঘস্থায়ী হবে না। সমঝোতা স্মারকের মাধ্যমে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব বণ্টন ও পারস্পরিক সমন্বয়ের একটি সুস্পষ্ট কাঠামো তৈরি হলো।
বাপাউবো ও ডিএসসিসির এ সমঝোতার মাধ্যমে পুনঃখননকৃত খালগুলোর ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশন কার্যক্রমে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




