
আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত নারীদের ব্যাংকিং ও অন্যান্য আর্থিক সেবার আওতায় আনতে খুলনার রূপসায় ‘নারীর আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা জেলার রূপসা উপজেলার সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনএইউর পরিচালক শায়েমা ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রূপ রতন পাইন এবং বাংলাদেশ ব্যাংক, খুলনার পরিচালক এস. এম. কামালুজ্জামান কামাল।
এনএইউর অতিরিক্ত পরিচালক শাহানা ফেরদৌসীর সঞ্চালনায় কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হাসান হাওলাদার, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে প্রান্তিক নারীদের আর্থিক সেবার বর্তমান চিত্র, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং এসব প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে আলোচনা করেন। নারীদের জন্য বিশেষ ঋণ সুবিধা, ডিজিটাল আর্থিক সেবা, ই-কমার্স ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ বৃদ্ধি, আর্থিক সাক্ষরতা উন্নয়ন এবং সহজে আর্থিক পরিষেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রয়োজনীয় অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেন বক্তারা। কর্মশালায় সুবিধাবঞ্চিত নারী ও স্থানীয় নারী উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট ১০টি আর্থিক পরিষেবা বুথ স্থাপন করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রান্তিক নারীদের সঙ্গে নিয়ে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বুথগুলো পরিদর্শন করেন। এ সময় প্রান্তিক নারীরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পাশাপাশি কয়েকটি আর্থিক পরিষেবার হিসাবও খোলেন।
বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি, এমএফএস প্রদানকারী, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আর্থিক পরিষেবা থেকে বঞ্চিত নারীসহ মোট ১২০ জন কর্মশালায় অংশ নেন।




