
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে আজ ৪টি প্রতিষ্ঠান তাদের বিগত অর্থ বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে সর্বমোট ২০ কোটি ৭৩ লক্ষ টাকা জমা দিয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তাঁর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এই তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। আজ ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৭ কোটি ৫৯ লক্ষ টাকা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি ৭ কোটি ১৭ লক্ষ টাকা, বিকাশ লিমিটেড ৪ কোটি ৭৯ লক্ষ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড ১ কোটি ১৭ লক্ষ টাকা তাদের লভ্যাংশের অংশ হিসেবে জমা দিয়েছে।
চেক গ্রহণকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণ, দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এবং তাদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদানে এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিয়মিত লভ্যাংশের অংশ জমা দেওয়ার জন্য উপস্থিত ৪টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়। একইসাথে অন্যান্য সকল কোম্পানিকেও তাদের নির্দিষ্ট অংশ জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
হস্তান্তর অনুষ্ঠানে বিজেএমইএ'র সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




