
শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপের জন্য ৫ কোটি টাকা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৩ কোটি টাকা অনুদান দেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা অনুদান দেওয়া হবে, আগে যেটি ছিল সর্বোচ্চ ৪ কোটি। আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেবে সরকার, আগে যেটি ছিল সর্বোচ্চ ২ কোটি টাকা।
দপ্তর বলছে, অতীতের কোনো সরকার সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের এতো অনুদান দেয়নি। এটি প্রধানমন্ত্রীর অসাম্প্রদায়িক দেশ গড়ার পদক্ষেপের একটি অংশ। ২৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে বলেও জানায় দপ্তর।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে পূজা উপলক্ষে ছুটিও বাড়ানো হয়েছে। টানা ৫ দিন সরকারি ছুটি ভোগ করার সুযোগ থাকছে এবার।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা খুশি। দুর্গাপূজায় এটি বাড়তি আনন্দ যোগ করবে।




