
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে গেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ফেনী তারেক রহমানের পারিবারিকভাবেও গুরুত্বপূর্ণ। তাঁর নানা এস্কান্দার মজুমদারের বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। তাঁর মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সেই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কের কারণে ফেনীর সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। এবারের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ফেনী সফর।
বেলা সাড়ে ১২টায় পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্পের উদ্বোধন, দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন,দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবারহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকাল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যক্তিদের সন্মানি প্রদান অনুষ্ঠানে যোগদান।
এদিন দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, গত ২৫ জানুয়ারি সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে এক নির্বাচনি জনসমাবেশে বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী।




