
ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের ৫ তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই লিফটের ভেতরে থাকা শিশুসহ একই পরিবারের তিনজন। স্বজন ও স্থানীয় সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার আট বছর বয়সী ছেলে মো. ওয়াসি। দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ জানান, ফজরের নামাজ শেষে ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা নিচে নামার জন্য লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি তার ছিঁড়ে নিচে আছড়ে পড়ে।
বিকট শব্দ শুনে ভবনের দারোয়ান ও আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ভেতরে থাকা আহতদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, বিষয়টি তারা খবর পেয়েই পুলিশ দল পাঠিয়েছেন এবং দুর্ঘটনার সার্বিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।




