
জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর মিরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) শুক্রবার (২ অক্টোবর) সকালে এ র্যালির আয়োজন করে।
র্যালিটি মিরপুর বিসিআইসি কলেজ গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর সনি সিনেমা হল প্রদক্ষিণ করে পুনরায় বিসিআইসি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিতে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এবং এনপিওর মহাপরিচালক মোহা. নায়েব আলীসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন সেক্টর, করপোরেশন ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পকারখানার মালিক, শ্রমিক ও কর্মচারীরাও র্যালিতে অংশগ্রহণ করেন।
জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিল্প ও উৎপাদন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।




