
এখন থেকে আর ‘ব্রেইন ড্রেইন’ নয়, বাংলাদেশ ‘ব্রেইন ইন’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের মেধা, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে থাকা বাংলাদেশি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দেশে ফিরে বিনিয়োগ এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচনী ইশতেহারের আলোকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু করেছে। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ধারাবাহিক নীতি এবং নিয়ন্ত্রণ শিথিলকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
মালয়েশিয়াভিত্তিক বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের বিনিয়োগ সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি বলেন, মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে শ্রমিকের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, প্রযুক্তিবিদ, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও ব্যবসায়ী রয়েছেন। তাঁদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীদের শ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ তাঁদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার অঙ্গীকার রয়েছে। প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের জুলাইয়ে এর পাইলট কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি কমিয়ে সহজ, নিরাপদ ও সম্মানজনক সেবা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রবাসীদের জন্য পৃথক আবাসন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, সিলেট থেকে এ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের ভিশন রয়েছে। এ লক্ষ্য অর্জনে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষাবিদ, গবেষক, প্রযুক্তিবিদ, নারী উদ্যোক্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা প্রবাসীদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তাঁরা বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও কর্মপরিবেশ, পাসপোর্ট ও কনস্যুলার সেবা সহজীকরণসহ বিভিন্ন বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
মতবিনিময় সভায় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তারা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।




