
আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, কিশোররা স্কুলে যাবে, পড়ালেখা করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিখবে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। তারা অস্ত্র-চাপাতি নিয়ে ঘুরবে না। আজকের কিশোর ও তরুণরাই আগামী দিনের বাংলাদেশের কান্ডারি।
তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলনের সমন্বয় প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহারে বিশেষ পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, এ ঘটনার মাধ্যমে সরকার সবাইকে কঠোর ও স্পষ্ট বার্তা দিচ্ছে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চায়। ‘আমরা শুরু করেছি ঘর থেকে’—উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করতে চান তারা।
যেকোনো নেতিবাচক ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা ভবিষ্যতে মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং জনগণের কল্যাণে কাজ করছে। একটি ভঙ্গুর দেশ তারা পেয়েছেন উল্লেখ করে সরকারের কাজের সুফল পেতে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
নূরুল ইসলাম মনি বলেন, সরকার শক্তিশালী না হলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ে। সরকার ব্যর্থ হলে সেই দায় সরকারকেই নিতে হবে। তবে দায় চাপানোর রাজনীতি তারা করেন না। বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরি করে একটি কুচক্রী মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চিফ হুইপ।
অনুষ্ঠানে আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতিত্ব করেন।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বিরোধী দল হিসেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।




