
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এর ভিত্তিতে বিজিবি ও এসআরবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণে জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় যৌথ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়।
পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে তাদের গতিবিধি নজরদারিতে রাখে যৌথ আভিযানিক দল।
বিজিবি জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পাশের কেওড়া বাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে যৌথ দল ধাওয়া করে তিনটি বড় প্যাকেটসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির সঙ্গে থাকা প্যাকেটগুলো তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মো. ইদ্রিস টেকনাফের ডেইলপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জব্দ করা ইয়াবাসহ নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।




