
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গুরুত্বপূর্ণ ১০ পদে পরিবর্তন-পরিবর্ধন আনা হয়েছে হয়েছে। নতুন এই পরিবর্তনে গ্রাহক সেবা বিভাগে শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক করা হয়েছে।
পাশাপাশি তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বলেও ) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে এই কর্মকর্তা এতোদিন এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করে আসছিলেন।
গত দেড় বছরের ব্যবধানে জনসংযোগ বিভাগের নতুন এই মহাব্যবস্থাপকসহ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের গুরুত্বপূর্ণ এই বিভাগে অন্তত চার কর্মকর্তা দায়িত্ব পেলেন।
সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে জারি করা অফিস আদেশ অনুযায়ী, গ্রাহকসেবা বিভাগে দায়িত্ব পালন করা মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদকে এয়ারপোর্ট সার্ভিসেসেরর মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। এই কর্মকর্তা এতদিন জনসংযোগ বিভাগও সামলে আসছিলেন।
একই আদেশে মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এক সময়ে জনসংযোগ বিভাগে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে গত আগস্টের মাঝামাঝি সময়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছিল।
নতুন আদেশ অনুযায়ী স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো), পার্সোনেল বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বোয়িং-৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল ক্যাপ্টেনের দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-মহাব্যবস্থাপক (হিসাব) এম. এম. আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরে উপ-মহাব্যবস্থাপক এবং বিএফসিসির উপ-মহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে পোল্ট্রি কমপ্লেক্সে উপ-মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে।




