
জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের প্রতিনিধিরা। তবে বিশেষ কমিটি বলেছে, এই স্বীকৃতির বিষয়টি সংবিধানের তফসিলে রাখা হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময়কালে তাঁরা এসব দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে মোট ৬৩ জন অংশ নেন।
সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষার দাবি
সূত্র জানায়, বৈঠকে বেশির ভাগই জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক সুরক্ষা, জুলাই অভ্যুত্থানের দায়মুক্তি ও জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার দাবি জানান। এ ছাড়া কেউ কেউ নিজস্ব সুযোগ-সুবিধার বিষয়েও কথা বলেন। জুলাই যোদ্ধাদের ভাতা বাড়ানো, আহত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জুলাই যোদ্ধারা যাতে আইনি হেনস্তার শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানান অনেকে।
বৈঠকে আলোচনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। বিশেষ করে, জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো যেন উপযুক্ত জায়গায় ধারণ করা হয়। কেউ কেউ সুনির্দিষ্টভাবে প্রস্তাবনায় এটি ধারণ করার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা বলেছি জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে অংশগ্রহণকারী সকল দল ও শক্তি যেভাবে ঐকমত্য হয়েছে, সেভাবে আমরা ব্যবস্থা নেব। আপনাদের প্রস্তাবনাটাও আমরা আজকে লিপিবদ্ধ করব।’
তফসিলে জুলাই যোদ্ধাদের সুরক্ষা
জুলাই যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করার কথা এসেছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটি বলেছে এ-সংক্রান্ত অধ্যাদেশকে আইনে পরিণত করা হয়েছে। সাংবিধানিকভাবেও এই সুরক্ষার বিষয়টি আনা হবে তফসিলের সুনির্দিষ্ট জায়গায়। যাতে তাঁদের দায়মুক্তি জুলাই সুরক্ষাটা সাংবিধানিকভাবে ধারণ করা যায়।
বিচারপ্রক্রিয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি সবাই করেছেন। কমিটি বলেছে, বিচারপ্রক্রিয়া স্বাধীনভাবে চলছে। আদালত নির্ধারিত আইন অনুসারেই কাজটা করবেন। তাঁদের সহযোগিতায় তদন্ত, প্রসিকিউশন ইত্যাদি বিষয়ে সরকার সমস্ত কাজ দ্রুততার সঙ্গে করবে।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের যে জাতীয় ঘোষণাপত্রটি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পঠিত হয়েছে, সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দীর্ঘ ছয়-সাত মাস চর্চার পর সেটি প্রণীত হয়েছে। সেই ঘোষণাপত্রে অনেক বিষয় আছে, যেগুলো আমরা সকল রাজনৈতিক দল স্বীকৃতি দিয়েছি। সেটার সাংবিধানিক স্বীকৃতি দিতে গেলে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ অবশ্যই আসবে।’
কমিটির সভাপতি বলেন, ‘তখন আমরা বলেছি, সেটা সংবিধানের কোন জায়গায় ধারণ করতে হবে, তা উল্লেখ করা হয়নি। যেহেতু এটি আলোচনার বিষয়, আমরা সংবিধানের সংশ্লিষ্ট জায়গায়, তফসিলে সেটা ধারণ করার কথা বলেছি, যাতে গণ-অভ্যুত্থান ও জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি থাকে। সেটা থাকলে জুলাই যোদ্ধারা দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা পাবেন। আপাতত এটা বলতে পারি।’
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই সংবিধান সংশোধন কমিটি সবার বক্তব্য শুনছে। নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদ সই হয়েছে, সেভাবেই বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে বাস্তবায়নের বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।’




