
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে কাজ করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে অটোরিকশায় নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশে রওনা হন।
এজাহারে বলা হয়, নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছানোর পর পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাচ্ছিলেন ওই নারী। এ সময় আসামিরা তাকে জোর করে রাস্তা থেকে তুলে আল আমিনের বসতঘরে নিয়ে যান। সেখানে তার মুখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে হুমকি দেওয়া হয়। রাত ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে ওই নারী ভালুকা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজন পলাতক আছেন। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’




