
গোপালগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষের মানবিক উদ্যোগে দীর্ঘ ২১ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দি। স্থানীয় ব্যবস্থাপনায় তাঁর জরিমানার ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে বুধবার (৭ অক্টোবর) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া ওই বন্দির নাম মো. মাসুদ বিশ্বাস। একটি হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড (৩০ বছর), ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রায় অনুযায়ী ২০০৫ সাল থেকে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারা বিধির ৫৬৯ ধারার আওতায় তার অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির জন্য প্রস্তাব পাঠানো হয়। পরবর্তীতে সদাশয় সরকার সংশ্লিষ্ট ধারায় জরিমানার অর্থ পরিশোধের শর্তে তার অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার নির্দেশনা প্রদান করেন।
তবে মো. মাসুদ বিশ্বাস অত্যন্ত দরিদ্র, অসহায় ও সম্বলহীন হওয়ায় ৫ হাজার টাকা জরিমানার অর্থ পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় মানবিক দিক বিবেচনা করে গোপালগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ স্থানীয় ব্যবস্থাপনায় জরিমানার ৫ হাজার টাকা সংগ্রহ করে পরিশোধের উদ্যোগ নেয়।
এর ফলে জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ড ভোগের আগেই বুধবার তাকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কারা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগে দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেলেন অসহায় এই বন্দি। এ উদ্যোগ কারাগারে বন্দিদের প্রতি মানবিক আচরণ ও পুনর্বাসনমূলক দৃষ্টিভঙ্গির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।




