
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্বের প্রকৃত বিকেন্দ্রীকরণ ছাড়া দেশে কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মৌলিক ভিত্তি। গণতন্ত্র শুধু কেন্দ্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলে হবে না, এর ভিত্তি গড়ে তুলতে হবে তৃণমূল থেকেই। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ক্ষমতা ও কর্তৃত্ব দিয়ে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্র্যান্ড বলরুমে ‘Local Government Covid-19 Response & Recovery Project (LGCRRP)’ আয়োজিত ‘National Workshop on LGCRRP Implementation Support Mission & ULGEP Identification Mission’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, মানুষকে ছোটখাটো সেবা নিতে কিংবা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে যদি রাজধানীতে ছুটে আসতে হয়, তাহলে স্থানীয় সরকার ব্যবস্থার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। জন্মনিবন্ধনের মতো সাধারণ সেবা পেতেও প্রত্যন্ত এলাকার মানুষকে মন্ত্রণালয়ে আসতে হলে সেটি দেশের শাসনব্যবস্থার কাঠামোগত সমস্যার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ঢাকামুখী মানুষের চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও ক্ষমতাবান করতে হবে। মানুষ কেন রাজধানীতে আসছে, সেই সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে হবে। প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা গেলে প্রয়োজনীয় সেবা ও কাজের জন্য জনগণকে ঢাকায় ছুটতে হবে না।
মন্ত্রী আরও বলেন, কোনো প্রকল্প গ্রহণ ও শেষ করাই যথেষ্ট নয়; প্রকল্প বাস্তবায়ন থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যৎ উদ্যোগে কাজে লাগাতে হবে। প্রকল্প যাদের জন্য নেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রকল্পের মালিকানা তৈরি করাও গুরুত্বপূর্ণ।
LGCRRP প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় এ প্রকল্পের সাফল্য ভবিষ্যতে আরও কার্যকর নতুন প্রকল্প গ্রহণের পথ তৈরি করবে।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ড. আবদুল মঈন খান বলেন, দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে বসবাসের সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় সেবা যেন স্থানীয় পর্যায়েই নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে হবে।
নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, সংরক্ষিত আসনের পাশাপাশি ভবিষ্যতে সাধারণ আসনেও নারীদের পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রতিনিধি হিসেবে উঠে আসার সুযোগ তৈরি করতে হবে। এতে স্থানীয় সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা ও নারীর ক্ষমতায়ন—তিনটিই শক্তিশালী হবে।
তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য দীর্ঘদিন ধরে কাজ চলছে। ভবিষ্যতে এ উদ্যোগ আরও গতিশীল হবে এবং তৃণমূল থেকে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের প্রধান জেন পেসমি।




