
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে আলোচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দুই দেশের সম্পর্ক সুসংহত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ উঠে আসে। ওই আলোচনার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে দেশটিতে বাংলাদেশিদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।




