
জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
তিনি বলেছেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়; বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার নিদর্শন সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ।
রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে এটি বাস্তবায়নের আগে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা এবং ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের নিষ্ঠা প্রয়োজন।
তিনি আরও বলেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য ক্রীড়া, সংস্কৃতি ও মননশীলতার চর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




