ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

উদ্ভাবনী গবেষণায় বদলে যেতে পারে বাংলাদেশের সবজি চাষ

প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম

  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
ছবি সংগৃহীত

বাংলাদেশের কৃষির চিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় কৃষি বলতে ধান, পাট, গম বা কিছু প্রধান ফসলকে বোঝানো হলেও বর্তমানে মানুষের খাদ্যাভ্যাস, পুষ্টিচাহিদা ও বাজারব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবজির গুরুত্বও বহুগুণ বেড়েছে। শহর থেকে গ্রাম, প্রায় প্রতিটি পরিবারের খাদ্যতালিকায় এখন বিভিন্ন ধরনের সবজি নিয়মিত জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সবজি কৃষকের জন্য একটি গুরুত্বপূর্ণ নগদ অর্থকরী ফসল হিসেবেও আবির্ভূত হয়েছে।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সবজি শুধু খাদ্য নয়, এটি পুষ্টি, কর্মসংস্থান, কৃষকের আয় এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। শাকসবজিতে ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, খাদ্যআঁশসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই একটি সুস্থ ও পুষ্টিসমৃদ্ধ জনগোষ্ঠী গড়ে তুলতে সবজির উৎপাদন ও সহজলভ্যতা বাড়ানো অত্যন্ত জরুরি।

কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে সবজি উৎপাদন বাড়ানোর সম্ভাবনা যেমন আছে, তেমনি রয়েছে নতুন নতুন চ্যালেঞ্জও। কৃষিজমি ক্রমাগত কমছে, শ্রম ও উৎপাদন খরচ বাড়ছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ও আবহাওয়ার ধরন বদলাচ্ছে। কোথাও খরা, আবার কোথাও জলাবদ্ধতা ও লবণাক্ততা দেখা দিচ্ছে। রোগ-পোকামাকড়ের নতুন সমস্যাও তৈরি হচ্ছে। অন্যদিকে ভোক্তারা চাইছেন নিরাপদ, বিষমুক্ত, সুস্বাদু, পুষ্টিকর এবং দেখতে আকর্ষণীয় সবজি। এই পরিবর্তিত বাস্তবতায় আগামী দিনের সবজি উৎপাদনের সবচেয়ে বড় শক্তি হতে পারে আধুনিক উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তি।

শুধু বেশি ফলন নয়, দরকার ‘স্মার্ট’ জাত

সবজি উৎপাদন বাড়ানোর কথা বললে প্রথমেই উচ্চফলনশীল জাতের কথা আসে। কিন্তু ভবিষ্যতের জন্য শুধু উচ্চফলনশীল জাত যথেষ্ট নয়। এমন জাত প্রয়োজন, যা একই সঙ্গে প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে পারবে এবং কৃষকের জন্য লাভজনক হবে।

উদাহরণস্বরূপ, গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতায় অনেক সবজির ফুল ঝরে যায়, ফলন কমে যায় এবং রোগ-পোকামাকড়ের আক্রমণ বাড়ে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা এবং দেশের অনেক এলাকায় জলাবদ্ধতা সবজি উৎপাদনের বড় বাধা। তাই গবেষকদের এমন জাত উদ্ভাবন করতে হবে, যা তাপ, খরা, লবণাক্ততা বা জলাবদ্ধতার মতো প্রতিকূলতা সহ্য করতে পারে।

আগামী দিনের একটি আদর্শ ‘স্মার্ট’ সবজি জাতের বৈশিষ্ট্য হতে হবে—উচ্চফলনশীল, প্রতিকূল পরিবেশসহনশীল, সারা বছর চাষোপযোগী, রোগ-পোকামাকড় প্রতিরোধী, উন্নত পুষ্টিমান, স্বাদ ও গুণমানসমৃদ্ধ এবং দীর্ঘ সংরক্ষণক্ষমতাসম্পন্ন।

বছরব্যাপী ও গ্রীষ্মকালীন জাত

বাংলাদেশে শীতকালীন সবজির উৎপাদন তুলনামূলকভাবে ভালো হলেও গ্রীষ্মকালে অনেক সবজির উৎপাদন কমে যায়। ফলে মৌসুমি ঘাটতি তৈরি হয় এবং বাজারে দাম বেড়ে যায়। এই সমস্যা সমাধানে গ্রীষ্মকালীন সবজি গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শিম এ ধরনের সমস্যার একটি চমৎকার উদাহরণ। বাংলাদেশের স্থানীয় শিমের জার্মপ্লাজমে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। অনেক স্থানীয় শিম শীতকালীন পরিবেশে ভালো ফলন দিলেও দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রার পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে সহজে ফুল ও ফল ধারণ করে না। ফলে গ্রীষ্মকালীন চাষের জন্য উপযোগী জাতের সংখ্যা সীমিত।

গবেষণার মাধ্যমে দিনের দৈর্ঘ্যের প্রতি অসংবেদনশীল, দ্রুত ফুল আসা, উচ্চফলনশীল এবং তাপ ও আর্দ্রতাসহনশীল গ্রীষ্মকালীন শিমের জাত উদ্ভাবন করা গেলে সারা বছর শিম উৎপাদন করা সম্ভব হবে।

এ ক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ গ্রীষ্মকালীন এবং আলোক-অসংবেদনশীল শিমের জাত উদ্ভাবন নিয়ে দীর্ঘ ৬–৭ বছর গবেষণা করে অনেকগুলো স্থিতিশীল উন্নত অগ্রসরমান লাইন উদ্ভাবনের কাজ সম্পন্ন করেছে। এই লাইনগুলো আলোক-অসংবেদনশীল, আগাম ও স্থিতিশীলভাবে ফুলধারণে সক্ষম, উচ্চ ফলনক্ষমতাসম্পন্ন এবং উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাসহনশীল। পাশাপাশি এগুলোর ফল আকর্ষণীয় আকার ও রঙের, নরম ও কম আঁশযুক্ত, স্বাদে শীতকালীন শিমের মতো, ভালো বীজ উৎপাদনক্ষম এবং রোগ ও পোকামাকড়সহনশীল। অচিরেই এই লাইনগুলো কৃষকের চাষাবাদের জন্য অবমুক্ত করা হবে।

একই ধরনের গবেষণা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসা, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজিতেও করা প্রয়োজন। সবজি উৎপাদনের ভবিষ্যৎ গবেষণার আরেকটি বড় লক্ষ্য হওয়া উচিত বছরব্যাপী উৎপাদনশীল জাত উদ্ভাবন।

একটি জাত যদি কেবল নির্দিষ্ট একটি মৌসুমে ভালো ফলন দেয়, তাহলে বাজারে সরবরাহের ঘাটতি তৈরি হয়। কিন্তু বছরব্যাপী উৎপাদনশীল জাত উদ্ভাবন করা গেলে এবং এসব জাত বিভিন্ন মৌসুমে গ্রহণযোগ্য ফলন দিতে সক্ষম হলে উৎপাদন ও বাজার সরবরাহ উভয়ই স্থিতিশীল হবে। এজন্য উদ্ভিদের ফুল আসার সময়, দিনের দৈর্ঘ্যের প্রতিক্রিয়া, তাপমাত্রার প্রভাব, পরাগায়ন, ফল ধারণ এবং পরিপক্বতার মতো বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা বিশেষ প্রয়োজন।

দেশীয় জিনভাণ্ডার সংরক্ষণ ও হাইব্রিড উন্নয়ন

বাংলাদেশের কৃষকের হাতে বহু প্রজন্ম ধরে সংরক্ষিত দেশীয় সবজির বৈচিত্র্য রয়েছে। স্থানীয় শিম, বেগুন, লাউ, কুমড়া, শাকসহ বিভিন্ন সবজির মধ্যে ফলন, স্বাদ, রং, আকার, রোগ প্রতিরোধ এবং পরিবেশসহনশীলতার ব্যাপক পার্থক্য দেখা যায়। কিন্তু এসব স্থানীয় জাত ও জার্মপ্লাজমের অনেকগুলোই দ্রুত হারিয়ে যাচ্ছে।

এসবের সঠিক সংগ্রহ → সংরক্ষণ → চরিত্রায়ন → মূল্যায়ন → নির্বাচিত বৈশিষ্ট্য শনাক্তকরণ → জাত উন্নয়নে ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোনো স্থানীয় জাত হয়তো খুব বেশি ফলন দেয় না, কিন্তু তীব্র তাপ সহ্য করতে পারে। অন্য একটি জাত হয়তো রোগ প্রতিরোধী। আবার কোনো জাতের ফল ছোট হলেও স্বাদ ও পুষ্টিমান অত্যন্ত ভালো। গবেষণার মাধ্যমে এসব বৈশিষ্ট্যকে উন্নত জাতের মধ্যে স্থানান্তর করা সম্ভব।

অতএব, দেশীয় সবজি জার্মপ্লাজম শুধু ঐতিহ্য নয়—এটি ভবিষ্যৎ সবজি গবেষণার জীবন্ত জিনভাণ্ডার। এগুলোর সংরক্ষণ অত্যন্ত জরুরি।

অন্যদিকে আমরা জানি, হাইব্রিড জাত উচ্চফলনশীল, উন্নত গুণমানসম্পন্ন এবং অনেক ক্ষেত্রে রোগ-পোকা প্রতিরোধী। সুতরাং সবজির হাইব্রিড জাত উদ্ভাবন ফলন বৃদ্ধির আরেকটি হাতিয়ার হতে পারে।

ইতিমধ্যে টমেটো, বেগুন, মরিচ, শসা, লাউ, করলা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি অনেক সবজির হাইব্রিড জাত কৃষকের কাছে জনপ্রিয় হয়েছে, যার একটি বড় অংশ বিদেশ থেকে আসে। তাই দেশীয় জার্মপ্লাজমকে কাজে লাগিয়ে স্থানীয় পরিবেশ উপযোগী উন্নত প্যারেন্টাল লাইন ও হাইব্রিড উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এর ফলে একদিকে যেমন নতুন হাইব্রিড জাত উদ্ভাবন হবে, অন্যদিকে বিদেশি বীজের ওপর নির্ভরশীলতাও কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এর জন্য পুংবন্ধ্যাত্ব (male sterility), স্ব-অসঙ্গতি (self-incompatibility), স্ত্রীফুলধারী লাইন (gynoecious line), পার্থেনোকার্পি (parthenocarpy) এবং সংকর বল (heterosis)-এর মতো আধুনিক ব্রিডিং পদ্ধতি কাজে লাগানো যেতে পারে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা

বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যে বিভিন্নভাবে দৃশ্যমান হয়েছে এবং হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, জলাবদ্ধতা, খরা এবং উপকূলীয় লবণাক্ততা কৃষির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

সবজি তুলনামূলকভাবে সংবেদনশীল ফসল হওয়ায় এই পরিবর্তনের প্রভাব সবজিতে দ্রুত দেখা যায়। তাই অঞ্চলভিত্তিক প্রতিকূল পরিবেশ উপযোগী সবজির জাত উন্নয়নে গবেষণা প্রয়োজন।

যেমন—উপকূলের জন্য লবণাক্ততাসহনশীল সবজি, হাওর ও নিম্নাঞ্চলের জন্য জলাবদ্ধতাসহনশীল জাত, উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য খরা ও তাপসহনশীল জাত, উষ্ণ ও আর্দ্র এলাকার জন্য রোগসহনশীল জাত এবং শহরাঞ্চলের জন্য স্বল্প জায়গায় উৎপাদনযোগ্য সবজির জাত উদ্ভাবন প্রয়োজন।

একটি জাত সব অঞ্চলের জন্য উপযোগী হবে—এমন ধারণা থেকে বের হয়ে স্থান ও পরিবেশভিত্তিক জাত উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।

রোগ-পোকা দমনে নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবজি চাষাবাদে নতুন নতুন রোগ ও পোকামাকড়ের সমস্যা দেখা দিচ্ছে। রোগ-পোকা দমনে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে প্রশ্ন উঠছে।

এর সমাধান শুধু বেশি কীটনাশক ব্যবহার নয়, বরং রোগ-পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন, জৈবিক নিয়ন্ত্রণ, ফেরোমোন ফাঁদ (pheromone trap), পরিচ্ছন্ন মাঠে চাষাবাদ (field sanitation) এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (integrated pest management)-এর সমন্বিত ব্যবহার প্রয়োজন।

সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান হতে পারে পোষক উদ্ভিদের প্রতিরোধ ক্ষমতা (host-plant resistance)—অর্থাৎ এমন জাত উদ্ভাবন করা, যেগুলো নিজেরাই নির্দিষ্ট রোগ বা পোকার আক্রমণ প্রতিরোধ করতে পারে।

কম জমিতে বেশি উৎপাদন

বাংলাদেশে কৃষিজমির পরিমাণ সীমিত এবং প্রতিদিন বিভিন্ন কারণে দেশের কৃষিজমির পরিমাণ কমছে। ফলে ভবিষ্যৎ কৃষিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে—কম জমিতে কীভাবে বেশি সবজি উৎপাদন করা যায়?

এ ক্ষেত্রে সুরক্ষিত চাষাবাদ (protected cultivation), নেট হাউস (net house), পলিহাউস (poly house), ছাদবাগান (rooftop gardening), একাধিক স্তর বা উল্লম্ব চাষাবাদ (vertical farming), জলেচাষ (hydroponics)-সহ অন্যান্য নিয়ন্ত্রিত পরিবেশের প্রযুক্তি নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন।

বিশেষ করে শহর ও শহরতলিতে বাড়ির ছাদ, ছোট জায়গা এবং অব্যবহৃত স্থানকে সবজি উৎপাদনের আওতায় আনা গেলে সবজির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

অন্যদিকে সবজি উৎপাদনে পানি ও সারের ব্যবহার যথাযথ না হলে উৎপাদন খরচ বাড়ে এবং পরিবেশের ওপরও চাপ পড়ে। তাই ভবিষ্যতে ফোঁটা ফোঁটা সেচ (drip irrigation), সেচের পানির সঙ্গে সার প্রয়োগ (fertigation), মাটির আর্দ্রতা পরিমাপক সেন্সর (soil moisture sensor), সুনির্দিষ্ট পুষ্টি ব্যবস্থাপনা (precision nutrient management) এবং প্রয়োজনভিত্তিক সেচ ও সার ব্যবস্থা নিয়ে গবেষণা বাড়াতে হবে, যাতে কম পানি ও কম সার ব্যবহার করে কম খরচে বেশি উৎপাদন করা যায়।

আধুনিক প্রজনন পদ্ধতির ব্যবহার

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, লবণাক্ততা, খরা, জলাবদ্ধতা ও নতুন নতুন রোগ-পোকার আক্রমণের কারণে নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু প্রচলিত প্রজনন পদ্ধতির ওপর নির্ভর না করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভিদ প্রজননের দিকে এগিয়ে যেতে হবে।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভিদ প্রজনন পদ্ধতি এখন আর শুধু দৃশ্যমান বৈশিষ্ট্য নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ডিজিটাল প্রযুক্তিনির্ভর ডিএনএ-আরএনএ (DNA-RNA) পর্যায়েও পৌঁছে গেছে।

জিনোমিক নির্বাচন (genomic selection), মার্কার-সহায়ক নির্বাচন (marker-assisted selection), জিনোম-ওয়াইড অ্যাসোসিয়েশন স্টাডি (GWAS), জিন সম্পাদনা (gene editing), দ্রুত প্রজনন (speed breeding), হাই-থ্রুপুট ফেনোটাইপিং (high-throughput phenotyping) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (artificial intelligence)-নির্ভর তথ্য বিশ্লেষণ সবজি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে।

এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম সময়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিন শনাক্ত ও নির্বাচন করা, প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম জাত উদ্ভাবন, রোগ-পোকা প্রতিরোধ, উচ্চ ফলন, উন্নত পুষ্টিমান, দীর্ঘ সংরক্ষণক্ষমতা এবং ভোক্তার চাহিদা অনুযায়ী গুণগত বৈশিষ্ট্য সমন্বিত করা সম্ভব।

এমনকি কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত DNA marker বা RNA শনাক্ত করা গেলে সেই DNA-RNA marker ব্যবহার করে প্রজন্মের শুরুতেই কাঙ্ক্ষিত উদ্ভিদ নির্বাচন করা সম্ভব।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এখন আর শুধু কম্পিউটার বিজ্ঞানের বিষয় নয়। কৃষিতেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। এর মাধ্যমে গবেষক কয়েকশ থেকে কয়েক হাজার গাছ স্বল্প সময়ে পর্যবেক্ষণ করতে এবং এসব তথ্য দ্রুত বিশ্লেষণ করতে পারেন।

ক্যামেরা বা ড্রোনের মাধ্যমে একটি জমির হাজার হাজার গাছের ছবি সংগ্রহ করে AI দিয়ে উদ্ভিদের বৃদ্ধি, রোগের লক্ষণ, ফলের সংখ্যা, ফলের আকার ও পরিপক্বতা খুব অল্প সময়ে শনাক্ত করা সম্ভব।

তবে এসব আধুনিক প্রজনন প্রযুক্তির সফল প্রয়োগের জন্য উন্নত গবেষণা অবকাঠামো, জার্মপ্লাজম সংরক্ষণ, দক্ষ জনবল, তথ্য ও ডেটা ব্যবস্থাপনা, বহুমাত্রিক মাঠপরীক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, কৃষক ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আবার এসব প্রযুক্তির সঙ্গে বায়োসেফটি আইন, নীতিমালা এবং ভোক্তার গ্রহণযোগ্যতার বিষয়গুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

গবেষণায় কৃষকের অংশীদারিত্ব

গবেষণাগারে উদ্ভাবিত জাত সরাসরি মাঠে সফল হবে—এমন নিশ্চয়তা নেই। কৃষকের জমির পরিবেশ, ব্যবস্থাপনা, শ্রম, বাজার ও স্থানীয় চাহিদা অনেক সময় গবেষণাগারের পরীক্ষার চেয়ে ভিন্ন। তাই কৃষককে শুধু নতুন জাতের ব্যবহারকারী হিসেবে নয়, গবেষণার অংশীদার হিসেবেও বিবেচনা করা প্রয়োজন।

কৃষকের অভিজ্ঞতা ও গবেষকের বৈজ্ঞানিক জ্ঞান একত্রিত করে participatory vegetable breeding ও participatory varietal selection করা গেলে বাস্তবসম্মত জাত উদ্ভাবনের সম্ভাবনা বাড়বে।

এ ছাড়া সবজি গবেষণার শেষ লক্ষ্য শুধু নতুন জাত উদ্ভাবন হওয়া উচিত নয়, বরং সেই জাত কৃষকের আয় বাড়াচ্ছে কি না, সেটিও দেখতে হবে। একটি জাত উচ্চফলনশীল হলেও যদি বীজের দাম বেশি হয়, উৎপাদন খরচ বেশি হয়, বাজারে চাহিদা কম থাকে বা পরিবহন ও সংরক্ষণে সমস্যা হয়, তাহলে কৃষকের জন্য তা আকর্ষণীয় নাও হতে পারে।

তাই ভবিষ্যতের গবেষণায় breeding + agronomy + economics + market + consumer preference—এই সবগুলো বিষয়কে একসঙ্গে বিবেচনা করে কৃষকের জন্য লাভজনক সবজির জাত উদ্ভাবন করতে হবে।

ভবিষ্যৎ গবেষণার অগ্রাধিকার

আগামী দিনে বাংলাদেশে সবজি গবেষণায় বিশেষ গুরুত্ব পেতে পারে নিম্নের বিষয়গুলো—

১. উচ্চফলনশীল ও পুষ্টিসমৃদ্ধ সবজি জাত উদ্ভাবন।
২. গ্রীষ্মকালীন, স্বল্পমেয়াদি ও বছরব্যাপী সবজি জাত উদ্ভাবন।
৩. তাপ, খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতাসহনশীল জাত উদ্ভাবন।
৪. রোগ ও পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন।
৫. দেশীয় প্যারেন্টাল লাইন ব্যবহার করে হাইব্রিড সবজি উন্নয়ন।
৬. সবজি গবেষণায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভিদ প্রজননের ব্যবহার বাড়ানো।
৭. দেশীয় জার্মপ্লাজমের সংগ্রহ ও ব্যবহার বাড়ানো।
৮. সবজি প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত গবেষণা।
৯. কৃষক, ভোক্তা ও বাজারভিত্তিক গবেষণা।
১০. কৃষকের অংশগ্রহণমূলক সবজি গবেষণা ও প্রযুক্তি উন্নয়ন।
১১. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অঞ্চলভিত্তিক সবজি উৎপাদন প্রযুক্তির উন্নয়ন।

বাংলাদেশের সবজি খাতের সামনে চ্যালেঞ্জ যেমন অনেক, সম্ভাবনাও তেমনি বিশাল। দেশের বৈচিত্র্যময় কৃষি-পরিবেশ, সমৃদ্ধ স্থানীয় জার্মপ্লাজম, দক্ষ কৃষক, ক্রমবর্ধমান বাজার এবং আধুনিক কৃষিবিজ্ঞানের অগ্রগতি—সব মিলিয়ে সবজি উৎপাদনে নতুন বিপ্লবের সুযোগ তৈরি হয়েছে।

এই বিপ্লব শুধু নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে হবে না। প্রয়োজন হবে জেনেটিক সম্পদ থেকে শুরু করে জাত উন্নয়ন, উৎপাদন প্রযুক্তি, পানি ও সার ব্যবস্থাপনা, রোগ-পোকা নিয়ন্ত্রণ, সবজি প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক উদ্ভিদ প্রজনন প্রযুক্তির ব্যবহার।

গবেষণার মাধ্যমে আমরা যদি এমন সবজি জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করতে পারি, যা আগামী দিনের জলবায়ু পরিবর্তনের প্রভাবে উচ্চ তাপমাত্রা, পানি সংকট, লবণাক্ততা ও জমির সীমাবদ্ধতার মধ্যেও ভালো উৎপাদন দিতে পারে, তাহলে সবজি শুধু কৃষকের আয়ের উৎসই থাকবে না—এটি বাংলাদেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা, কর্মসংস্থান এবং কৃষিভিত্তিক অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হবে।

লেখক: জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এসময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে কি না, তা নিয়ে কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।
ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
স্বজন, সুহৃদ ও বন্ধুদের মিলনমেলা গ্রামের বাড়ি এবং সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে
শেকড়ের টানে গ্রামে ফেরা, প্রিয়জনদের সঙ্গে স্মৃতিময় সময় কাটানো আর প্রকৃতির সান্নিধ্যে এক আনন্দঘন দিন স্বজনের টান, সুহৃদের ভালোবাসা আর বন্ধুদের আন্তরিকতা যখন এক সুতোয় গাঁথা হয়, তখন সাধারণ একটি দিনও হয়ে ওঠে অসাধারণ। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততা, কাজের চাপ আর নাগরিক কোলাহল পেছনে ফেলে একসঙ্গে কিছু সময় কাটানোর আনন্দই আলাদা। সেই আনন্দকে সঙ্গী করে স্বজন, সুহৃদ ও বন্ধুদের নিয়ে ১৬ অক্টোবর আয়োজন করা হয়েছিল এক আনন্দময় পারিবারিক ভ্রমণ। রূপগঞ্জের ‘গ্রামের বাড়ি পার্কে’ গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটানো, পার্কে ঘুরে বেড়ানো, সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে আনন্দঘন মুহূর্ত উপভোগ করা এবং সবশেষে পূর্বচলের নীল মার্কেটে হাঁসের মাংস দিয়ে ভূড়িভোজের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। শেকড়ের টানে গ্রামের বাড়ি পার্ক ভ্রমণের শুরুতেই ছিল ‘গ্রামের বাড়ি পার্কে’ যাওয়ার আনন্দ। শহরের ব্যস্ততা থেকে দূরে গ্রামের পথে পা রাখতেই যেন বদলে যায় চারপাশের চেনা দৃশ্যপট। গ্রামের নির্মল পরিবেশ, সবুজ প্রকৃতি, পরিচিত পথঘাট আর শৈশবের স্মৃতিমাখা আবহ মনকে নিয়ে যায় অন্য এক জগতে। গ্রামের বাড়ি পার্ক মানেই শুধু একটি ঠিকানা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে শেকড়ের টান, পারিবারিক ঐতিহ্য, প্রিয়জনদের স্মৃতি এবং হৃদয়ের গভীরে জমে থাকা অসংখ্য অনুভূতি। স্বজন, সুহৃদ ও বন্ধুদের একসঙ্গে গ্রামের বাড়িতে যাওয়া যেন সেই আবেগকে আরও গভীর করে তোলে। একদিকে পারিবারিক বন্ধনের উষ্ণতা, অন্যদিকে পুরোনো স্মৃতির হাতছানি। গল্প, হাসি আর খুনসুটিতে সময় কাটতে থাকে আপন ছন্দে। কেউ স্মৃতির ঝাঁপি খুলে বসেন, কেউ পুরোনো দিনের কথা মনে করিয়ে দেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন জীবনের নানা অভিজ্ঞতা। গ্রামের বাড়ি পার্কে এমন একসঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আপনজনদের আরও কাছ থেকে অনুভব করা। সম্পর্কের ব্যস্ততা ও দূরত্বের মাঝে যে আন্তরিকতার জায়গাটি কখনো কখনো আড়ালে পড়ে যায়, এমন আয়োজন তাকে আবারও উজ্জ্বল করে তোলে। পার্কে ঘোরাঘুরি, আনন্দ আর আড্ডা গ্রামের বাড়ি পার্কে ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দেয় পার্কে ঘুরে বেড়ানো, পরিচিত গণ্ডির বাইরে খোলা পরিবেশে সবার সঙ্গে সময় কাটানো, একসঙ্গে হাঁটাহাঁটি করা, ছবি তোলা আর হাসি-আড্ডায় মেতে ওঠার মধ্য দিয়ে তৈরি হয় আনন্দের নতুন উপলক্ষ। এ ধরনের ভ্রমণে গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সঙ্গীদের উপস্থিতি। একই দৃশ্য কারও কাছে প্রকৃতির সৌন্দর্য, কারও কাছে ছবি তোলার উপলক্ষ, আবার কারও কাছে বন্ধুদের সঙ্গে কিছু নির্ভার সময় কাটানোর সুযোগ। সবার ভাবনা ও অনুভূতি মিলেমিশে ভ্রমণকে করে তোলে প্রাণবন্ত। কর্মব্যস্ত জীবনে মানুষ অনেক সময় কাছের মানুষদের সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পায় না। পার্কের মতো উন্মুক্ত পরিবেশে সেই সুযোগ তৈরি হয় সহজেই। দৈনন্দিন জীবনের হিসাব-নিকাশ ভুলে সবাই যখন একসঙ্গে আনন্দে মেতে ওঠেন, তখন বয়সের ব্যবধান কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে আনন্দময় সময় ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে যাওয়া। দুটি স্থানে ঘুরে দিনের আনন্দকে আরও বিস্তৃত করতে এই গন্তব্য যোগ করে নতুন মাত্রা। স্বজন, সুহৃদ ও বন্ধুদের সঙ্গে এমন একটি অবকাশযাপনের স্থানে সময় কাটানোর মধ্যে রয়েছে আলাদা রোমাঞ্চ। পরিচিত মানুষদের সঙ্গে নতুন পরিবেশে ঘোরাঘুরি, গল্প করা এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখার সুযোগ তৈরি হয়। রিসোর্টে পৌঁছানোর পর ভ্রমণসঙ্গীদের মধ্যে আনন্দের আমেজ আরও ছড়িয়ে পড়ে। কেউ চারপাশের পরিবেশ উপভোগ করেন, কেউ সঙ্গীদের সঙ্গে গল্পে মেতে ওঠে, আবার কেউ স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। একসঙ্গে ছবি তোলা, হাসিমুখে স্মৃতি ধরে রাখা এবং পরস্পরের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ভ্রমণটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। এখানে আসার মূল আনন্দ কেবল একটি বিনোদনকেন্দ্র ঘুরে দেখা নয়; বরং প্রিয় মানুষদের সঙ্গে একই সময়ে, একই জায়গায় উপস্থিত থাকার আনন্দ। দিনের নানা মুহূর্তে তৈরি হওয়া হাসি, গল্প আর আনন্দের স্মৃতিই পরে হয়ে ওঠে একসঙ্গে কাটানো সময়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার আয়োজন স্বজন, সুহৃদ ও বন্ধুদের এই ভ্রমণ কেবল বেড়ানোর আয়োজন ছিল না; এর মধ্যে ছিল সম্পর্ককে নতুন করে অনুভব করার সুযোগ। আত্মীয়তার বন্ধন মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে, সুহৃদদের আন্তরিকতা কঠিন সময়ে সাহস জোগায়, আর বন্ধুত্ব জীবনের একঘেয়েমির মধ্যে এনে দেয় আনন্দ ও প্রাণচাঞ্চল্য। একটি সফল পারিবারিক মিলনমেলার সৌন্দর্য এখানেই যে, সেখানে সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নিতে পারেন। কেউ গল্পে, কেউ আড্ডায়, কেউ প্রকৃতির সান্নিধ্যে, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তোলার মধ্যে খুঁজে পান সুখের মুহূর্ত। কিন্তু সবার আনন্দের কেন্দ্রবিন্দু একটাই একসঙ্গে থাকা। এই ভ্রমণ আরও একবার মনে করিয়ে দিয়েছে, সম্পর্ককে বাঁচিয়ে রাখতে বড় আয়োজনের প্রয়োজন নেই; প্রয়োজন আন্তরিকতা, সময় দেওয়া এবং একে অন্যের পাশে থাকার মানসিকতা।  স্মৃতির পাতায় থেকে যাবে আনন্দময় দিনটি গ্রামের বাড়ি পার্কের  মায়া, পার্কে ঘোরাঘুরি আর সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে কাটানো সময়— সব মিলিয়ে স্বজন, সুহৃদ ও বন্ধুদের এই ভ্রমণ হয়ে উঠেছে আনন্দ ও স্মৃতির এক সুন্দর সময়। এরপর চলে নীলা মার্কেটে হাঁসের মাংস আর রুটি খাওয়ার পালা। ছোট ছোট বাচ্চাদের দেয়া হয় উপহার সামগ্রী এবং র‌্যাফেল ড্রতে উপহার পান হাবিব, লিয়ন ও মাসুদ। দিনের শেষে সবাই ফিরে গেছে নিজ নিজ কর্মব্যস্ত জীবনে, কিন্তু সঙ্গে নিয়ে গেছে একসঙ্গে কাটানো সময়ের অমূল্য স্মৃতি। ছবি হয়তো মুহূর্তগুলোকে ধরে রাখবে, কিন্তু সেই মুহূর্তের হাসি, আন্তরিকতা আর ভালোবাসার অনুভূতি থেকে যাবে হৃদয়ের গভীর থেকে গভীরে। ভবিষ্যতে যখন আবারও ব্যস্ততা বাড়বে, তখন এই ভ্রমণের স্মৃতিই হয়তো মনে করিয়ে দেবে—জীবনের প্রকৃত আনন্দ শুধু সাফল্য কিংবা প্রাপ্তিতে নয় বরং প্রিয় মানুষদের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত। স্বজন, সুহৃদ ও বন্ধুদের এই মিলনমেলা তাই একটি দিনের ভ্রমণেই সীমাবদ্ধ নয়। এটি সম্পর্কের প্রতি ভালোবাসা, শেকড়ের প্রতি টান এবং একসঙ্গে পথচলার অঙ্গীকারের প্রতীক। এমন আয়োজন বারবার ফিরে আসুক, নতুন আনন্দের উপলক্ষ তৈরি করুক এবং সবার হৃদয়ে ভালোবাসার বন্ধন আরও গভীর করুক। তিনবারে ভোজনে প্রিয় খাবারের মেনুতে ছিল খিচুড়ি, চা, ফ্রাইড রাইস, কোমল পানীয়, হাঁসের মাংস ও রুটি, পানি ইত্যাদি। সুইমিং পুলে সাঁতার কাটা সে এক অন্যরকম আনন্দ। এ মিলনমেলায় অংশগ্রহণ করে জ্যোতিষ সমাদ্দার বাবু, শামীম হোসেন, কবির আহাম্মদ, ওয়াহিদ মুরাদ অপু, লিয়াকত হোসেন সুমন, হাবিবুর রহমান, মাসুদ আলম, জসিম মজুমদার, ইমরান হোসেন টিপু, রিদওয়ান আক্রাম, রাজিব , মোহাম্মদ মামুনুর রশীদ লিয়ন, অলিদুল রহমান ওলি, আবদুল মোতালেব পলাশ, আমিনুল ইসলাম, বারি দেওয়ান হৃদয়, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল কবির রাজিব. সায়কা বানু, রেজওয়ানা হোসেন বর্ণা, টিপু সুলতান দিপু, মনসুর আহমেদ এবং তাদের পরিবারের সদস্যরা। সকাল ৭টায় ঢাকা থেকে যাত্রা শুরু হয় এবং এর সফল সমাপ্তি ঘটে রাত ৯টায় সবার নিজ নিজ ঘরে ফেরার মধ্য দিয়ে।
স্বজন, সুহৃদ ও বন্ধুদের মিলনমেলা গ্রামের বাড়ি এবং সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে
সব অভিমান ভুলে প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
ভালোবাসার সম্পর্ক ভেঙে গেলে পড়ে থাকে কিছু মধুর স্মৃতি, অপূর্ণতা, অভিমান আর না বলা অভিযোগ। কেউ সহজেই অতীত ভুলে নতুন করে জীবন শুরু করতে পারেন, আবার কারও মনে বিচ্ছেদের ক্ষত দীর্ঘদিন দাগ কেটে থাকে। সেই পুরোনো কষ্ট ও তিক্ততা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আজ ১৭ অক্টোবর পালিত হচ্ছে ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন। আজ শনিবার (১৭ অক্টোবর) প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় এই দিবস। আজকের এই দিনে সারা বিশ্বে পালিত হয় এ বিচিত্র দিবসটি। এর মূল ভাবনা হলো, অতীতের সম্পর্ক ঘিরে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। তবে প্রাক্তনকে ক্ষমা করার অর্থ তার কাছে ফিরে যাওয়া নয়; বরং নিজের মানসিক শান্তির জন্য অতীতকে মেনে নেওয়া এবং নতুনভাবে পথচলার সাহস খুঁজে নেওয়া। ২০১৮ সালে ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’ পালনের প্রচলন শুরু হয়। তবে ঠিক কে এই দিবসের সূচনা করেছিলেন, কোথায় প্রথম উদযাপন হয়েছিল কিংবা কেন ১৭ অক্টোবর তারিখটি বেছে নেওয়া হয়েছিল, সে বিষয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্য পাওয়া যায় না। যদিও এ দিবসের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। এটি জাতিসংঘের স্বীকৃত কোনো আন্তর্জাতিক দিবস নয়। বরং ইন্টারনেটভিত্তিক বিশেষ দিবসগুলোর মধ্যে একটি, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন ক্যালেন্ডারের মাধ্যমে পরিচিতি পেয়েছে। ফলে দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা সূচনাসংক্রান্ত তথ্য নিশ্চিতভাবে উল্লেখ করা কঠিন। কেন প্রাক্তনকে ক্ষমা করার কথা বলা হয়? একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে থাকতে পারে বিশ্বাসভঙ্গ, ভুল বোঝাবুঝি, মতের অমিল কিংবা জীবনের লক্ষ্য আলাদা হয়ে যাওয়া। বিচ্ছেদের পর অনেকেই পুরোনো ঘটনা বারবার মনে করেন। কখনো মনে জমে থাকে না বলা কথা, কখনো বা উত্তর না পাওয়া প্রশ্ন। এসব স্মৃতি ও ক্ষোভ দীর্ঘদিন বয়ে বেড়ালে তা ব্যক্তির মানসিক স্বস্তি এবং নতুন সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। প্রাক্তনকে ক্ষমা করার দিনটি সেই অনুভূতিগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করে। অতীতের অভিজ্ঞতাকে অস্বীকার না করে তা মেনে নেওয়া এবং ধীরে ধীরে কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করাই এর অন্যতম উদ্দেশ্য। ক্ষমা করার অর্থ অন্যায়কে সমর্থন করা নয়; বরং সেই অন্যায়ের স্মৃতি যেন বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেই চেষ্টা। তবে ক্ষমা করার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। কেউ দ্রুত অতীতকে মেনে নিতে পারেন, আবার কারও প্রয়োজন হয় দীর্ঘ সময়। কাউকে জোর করে ক্ষমা করতে বলা কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে সব কষ্ট ভুলে যাওয়ার প্রত্যাশা করা এই দিবসের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত দু‘জনের মধ্যে যখন সম্পর্ক গড়ে ওঠে শুরুতে সেই সম্পর্ক আবেগে ভরপুর থাকে। হয়তো কিছুদিন বা দীর্ঘদিন পর সেই সম্পর্কে ফাটল ধরে। এটা অনেক স্বাভাবিকভাবে নিতে পারেন না। পুরোনো স্মৃতিগুলো বার বার তাকে আঘাত করে। এই ভাঙনের ব্যথা অনেকেরে ক্ষেত্রে খুবই দীর্ঘস্থায়ী হতে পারে। তাই প্রাক্তনকে ক্ষমা করা অন্তত তাদের জন্য সহজ কাজ নয়। কিন্তু, ক্ষমা একটি মহৎ গুণ। তাই সবকিছু ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দেওয়ার মতো মহান কাজ আর দ্বিতীয়টি হতে পারে না। 
মশিউর অর্ণব
এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ায়
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১৪০ কিলোমিটার। স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই কম্পনের ফলে কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের একটি আগাম সতর্কতা জারি করেছিল। এতে জাপানের বড় একটি অংশে তীব্র কম্পনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, অথচ তাদের নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। যদি এই সতর্কতা সঠিক হতো, তবে এটি হতো এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। কামচাতকা উপদ্বীপটি ‘রিং অব ফায়ার’ নামক একটি টেকটোনিক বলয়ের ওপর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকাজুড়ে বিস্তৃত এবং এটি ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল। গত বছরের জুলাই মাসে এই অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়। সূত্র: এনডিটিভি
এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে রাশিয়ায়
জানা গেল ঢাকাসহ সারাদেশে কবে থেকে নামবে শীত
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।    আবহাওয়াবিদদের মতে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে। তবে এর আগে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঠান্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় ইতিমধ্যে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ অক্টোবর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করলেও ঘনবসতি ও নগরায়ণের কারণে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
মশিউর অর্ণব
আরও পড়ুন
বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র
X