
সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।
আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘MRU MEDIA DAY 2026’।
‘জ্ঞান, দক্ষতা ও সুস্থতায় সাংবাদিকদের একদিন’- এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য থাকছে কর্মশালা, বিনামূল্যে চিকিৎসাসেবা, বই কর্নার, কুইজ প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, পুরস্কার ও সম্মাননা এবং সমাপনী অনুষ্ঠান।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত একটি সংগঠন।
সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, কল্যাণ, প্রশিক্ষণ, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণের বিভিন্ন দিককে এক আয়োজনের আওতায় আনতে এ আয়োজন করা হচ্ছে।
থাকছে কর্মশালা ও জ্ঞানচর্চার আয়োজন
দিনের কার্যক্রম শুরু হবে সকাল ১০টায় কর্মশালার মধ্য দিয়ে। কর্মশালা চলবে দুপুর ১টা পর্যন্ত। সাংবাদিকতার সমসাময়িক চ্যালেঞ্জ, পেশাগত দক্ষতা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা থাকবে এ পর্বে।
একই সময় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে এমআরইউ বই কর্নার। পাশাপাশি সাংবাদিক ও অংশগ্রহণকারীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকবে চা ও কফির ব্যবস্থা।
বিনামূল্যে চিকিৎসাসেবা
সাংবাদিকদের স্বাস্থ্যসচেতনতার বিষয়টি গুরুত্ব দিয়ে আয়োজনের অন্যতম প্রধান কার্যক্রম হিসেবে রাখা হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। এতে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা থাকবে।
দুপুর ১টা ৩০ মিনিটে থাকবে মধ্যাহ্নভোজ। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কারের ব্যবস্থা।
বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পুরস্কার, সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান। এ পর্বে সাংবাদিকতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে। এ ছাড়া বিকাল ৫টায় অংশগ্রহণকারীদের জন্য থাকবে নাস্তার আয়োজন।
আয়োজন সম্পর্কে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকতা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও মানসিক সুস্থতার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ‘MRU MEDIA DAY 2026’-এর আয়োজন। কর্মশালা, স্বাস্থ্যসেবা, জ্ঞানচর্চা ও বিনোদনের সমন্বয়ে আমরা সাংবাদিকদের জন্য একটি অর্থবহ দিন উপহার দিতে চাই। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি তরুন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ‘MRU MEDIA DAY 2026’ সেই কার্যক্রমেরই একটি অংশ। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় আয়োজনটি সফল ও সার্থক হবে বলে আমরা প্রত্যাশা করছি।”
আয়োজকরা জানান, ‘MRU MEDIA DAY 2026’ শুধু একটি মিলনমেলা নয়; সাংবাদিকদের পেশাগত দক্ষতা, জ্ঞানচর্চা, স্বাস্থ্যসচেতনতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি সম্মিলিত উদ্যোগ। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত সম্প্রীতি আরও জোরদারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক, গণমাধ্যমকর্মী, অতিথি, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজনের সংক্ষিপ্ত সময়সূচি
সকাল ১০:০০টা — কর্মশালা সকাল ১০:০০টা–সন্ধ্যা ৬:০০টা — বিনামূল্যে চিকিৎসাসেবা সকাল ১০:০০টা–সন্ধ্যা ৬:০০টা — এমআরইউ বই কর্নার সকাল ১০:০০টা–সন্ধ্যা ৬:০০টা — চা ও কফি দুপুর ১:০০টা — কর্মশালা সমাপ্তি দুপুর ১:৩০টা — মধ্যাহ্নভোজ দুপুর ২:৩০টা — কুইজ প্রতিযোগিতা বিকাল ৩:৩০টা–সন্ধ্যা ৬:৩০টা — পুরস্কার, সম্মাননা ও সমাপনী অনুষ্ঠান বিকাল ৫:০০টা — নাস্তা
আয়োজক: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরিউ) অনুষ্ঠান: MRU MEDIA DAY 2026 তারিখ: ২৪ অক্টোবর ২০২৬, শনিবার স্থান: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ সময়: সকাল ১০:০০টা–সন্ধ্যা ৬:৩০টা।




