
উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি)।
শুক্রবার ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে আন্তর্জাতিকভাবে নির্ধারিত নামের তালিকা অনুযায়ী এর নাম ‘অর্ণব’ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আগে এ নামটি ব্যবহার করা হবে না।
এদিকে উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডির ১৯ সেপ্টেম্বরের সমুদ্রসংক্রান্ত বুলেটিনে উত্তর আন্দামান সাগরে ১৫ থেকে ২০ নট বেগে বাতাস এবং দমকা হাওয়ায় সর্বোচ্চ ২৫ নট পর্যন্ত বাতাসের কথা জানানো হয়েছে।
আবহাওয়ার এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট আবহাওয়া সংস্থাগুলো। নিম্নচাপের শক্তি, গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ভারতের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীকালে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও বৃষ্টির প্রভাব পড়তে পারে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে ইতোমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরিস্থিতির বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি রাখা হয়েছে।




