
রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তার মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।
ডিসি ইবনে মিজান বলেন, লাশ এখনও ঝুলন্ত অবস্থায় আছে। সিআইডির ফরেনসিক টিম আসছে। আমরা পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিচ্ছি।
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান।
পরে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কাবিননামার একটি কপি ছড়িয়ে পড়ে। কপি অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং মরিয়ম খাতুনের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসেবে তাদের বয়সের পার্থক্য প্রায় ৫৭ বছর।




