
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সংস্থাটির প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি কাজে বাধা, বিমানবন্দরে বিশৃঙ্খলাসহ বিভিন্ন অভিযোগে আজ দুপুরে বিমানবন্দন থানায় মামলা হয়েছে তার নামে।
আজ শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি করেন।
প্রসঙ্গত, অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক সহযোগী সদস্য হিসেবে যুক্ত আছেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের চাপ বাড়ায় ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং লাগেজ পেতে বিলম্ব হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে সেখানে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
এজাহারে অভিযোগ করা হয়, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে আক্রমণাত্মক আচরণ করেন, গালিগালাজ করেন এবং 'আমি কিন্তু পিটাবো ধইরা', 'ঘাড় ধরে বের করে দিব' বলে হুমকি দেন।
এ সময় আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত (কেপিআই) এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন।
দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে তাঁকেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।




