
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকেই নতুন কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এই ইউনিটের শীর্ষ নেতৃত্বে আসতে আলোচনায় রয়েছেন একাধিক ছাত্রনেতা। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নামটি হলো সভাপতি পদপ্রার্থী ও সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার।
তার এই আলোচনার শীর্ষে থাকার অন্যতম কারণ হলো তিতুমীরের সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা। রাজনীতি ছাড়াও শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের নানা প্রয়োজনে নিজ উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে তিনি নিজ খরচে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি এবং ছাত্রী হলের বিভিন্ন অব্যবস্থাপনা দূর করতেও ভূমিকা রেখেছেন।
সম্প্রতি ক্যাম্পাসে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ডাস্টবিন না থাকায় পরিবেশ নষ্ট হচ্ছিল। সাধারণ শিক্ষার্থীদের এই অভিযোগ পেয়ে তিনি নিজ খরচে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টি ডাস্টবিন বসিয়ে দেন। শিক্ষার্থীদের যেকোনো আপদে-বিপদে সব সময় পাশে থাকায় ছাত্রদলের এই তরুণ নেতাকে নতুন কমিটির সভাপতি পদে দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা।
রাজনৈতিক ক্যারিয়ারেও তিনি রাজপথের পরীক্ষিত মুখ। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে সহযোদ্ধাদের নিয়ে সোচ্চার ছিলেন রাজপথে। তৎকালীন সরকারের জেল-জুলুম ও অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি আন্দোলন থেকে পিছু হটেননি। এছাড়া ২৪-এর জুলাই বিপ্লবেও শুরু থেকেই তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
শিক্ষার্থীদের মতে, এমন একজন শিক্ষার্থীবান্ধব ও ত্যাগী কর্মীকে মূল্যায়ন করা হলে তিতুমীর কলেজে বিএনপির ভাবমূর্তি ও জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে যাবে।
সভাপতি পদের দৌড়ে জিহাদ হাওলাদার ছাড়াও আলোচনায় রয়েছেন—
২০১১-১২ সেশনের আকরাম হোসেন টোটন
২০১৪-১৫ সেশনের হাসান উল্লাহ মির্জা
২০১১-১২ সেশনের শহীদুল ইসলাম
২০১২-১৩ সেশনের আবু হুজাইফা রকি




