
আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার মতে, বাংলাদেশের স্বার্থের বিপরীতে কোনো দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনীতির বিরোধিতা করাই তাদের অবস্থান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ শুধু মুখের কথায় নয়, কাজেও যেন সবার আগে বাংলাদেশ থাকে।’
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার অডিটোরিয়ামে শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ : দিল্লির আধিপত্যবাদ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেছেন, ‘আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি, শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি, আজীবন মনে রাখবে। সব পলিসিতেই আমরা দেখেছি বাংলাদেশের স্বার্থের বিপরীতে ভারতের স্বার্থ দেখা হতো। এখন অনেকে বলে যে আমরা ভারতবিরোধী। আমরা কিন্তু ভারতবিরোধী না, আমরা আধিপত্যবাদ বিরোধী। এটা একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন রয়েছে।’
ভারত নিয়ে সরকারের নীতির স্পষ্ট অবস্থান এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘ভারত নিয়ে সরকারের পলিসির স্পষ্ট অবস্থান এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না যে সরকারের রোলটা কী হতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা একটু কঠিন।’
তবে আধিপত্যবাদবিরোধী রাজনীতির ভবিষ্যৎ বুঝতে শহীদ আবরার ফাহাদের ‘আট স্তম্ভ’ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির ভবিষ্যৎটা বা রাজনীতিটা আসলে কী, এটা বোঝার একটা খুব সহজ উপায় হচ্ছে আবরার ফাহাদের যে আট স্তম্ভ রয়েছে, ওই স্তম্ভের আটটা কনসেপ্ট। ওই আটটা শব্দ কোনো শব্দ না, ওই আটটা শব্দ হলো আটটা কনসেপ্ট। এটা ভালোভাবে বুঝলে আমরা বুঝতে পারব যে আমাদের আগামী দিনের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি কী।’
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়ে নানা বাধার মুখে পড়ার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই দেশে পলিসিগত জায়গা থেকে আপনি যতই বিপ্লবী কাজ করেন না কেন, লোকালি বা বিভিন্নভাবে আপনি হয়তো টুকটাক বাধার সম্মুখীন হবেন। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময় সবচেয়ে বেশি বাধার মুখে হয়তো আমি পড়েছি। পাবলিকলি আপনারা দেখেছেন, আবার অনেক কিছু রয়েছে যা আপনারা দেখেননি।’
৮ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে হয়েছে, ৮০০০ তরুণকে প্রশিক্ষণ দেওয়ার কাজটা করতে গিয়ে। তাও প্রপার অস্ত্র দিয়ে নয় কাঠের অস্ত্র দিয়ে প্রশিক্ষণ এবং এর পাশাপাশি তাইকোয়ান্দো, কারাতে ও অন্যান্য আত্মরক্ষামূলক প্রশিক্ষণ ছিল। তো সেটা করতে গিয়ে যে পরিমাণ বাধা দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন, তখন নিউজেও এসেছে যে রক্ষীবাহিনী গঠন করল।’




