
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট আর ভাঙচুরের ঘটনায় ইন্ধন দেয়া ও জড়িত থাকার অভিযোগ আসায় মিষ্টি'র উপর ক্ষুব্ধ হয়ে পড়েন বিএনপি দলীয় প্রধান। এই ঘটনায় তোপের মুখে পড়েন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাকে সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে মিষ্টির পদত্যাগের নির্দেশ আসে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন ফেরদৌসী আহমেদ মিষ্টি। চলতি বছরের ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া এই নেত্রীর রাজনৈতিক জীবনের এটিই প্রথম সংসদীয় মেয়াদ। সংরক্ষিত নারী আসনের জন্য ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাকে মনোনীত করে।
১৯৭৪ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া মিষ্টির পেশায় একজন ব্যবসায়ী। ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক পথচলা শুরু হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে। তিনি কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন। স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।
পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আসেন তিনি। সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। মিরপুরের রাজনৈতিক অঙ্গনেও পরিচিত মুখ হয়ে ওঠেন।
মিষ্টি সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর সাইদুর রহমান নিউটনের সহধর্মিণী এবং ঢাকা-৮ আসনের বিএনপির প্রয়াত এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর বোন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ৩ মে রাজশাহী কারাগারে তার মৃত্যু হয়। মিষ্টির স্বামী সাইদুর রহমান নিউটন ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এবং ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার।
২০০২ সালের ১০ মে প্রকাশ্য দিবালোকে ধানমন্ডির অর্কিড প্লাজার সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিউটনের মৃত্যুর পর তিনি ওই ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন।গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি সামনে এলে দলে তিনি বিতর্কিত হয়ে পড়েন। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের পর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের' নাম সামনে আসে। এই সমিতির সঙ্গে ফেরদৌসী আহমেদ মিষ্টির পুরোনো সম্পর্ক রয়েছে।
জানা যায়, ২০০৬ সালে শাহআলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে মিষ্টি ওই সমিতির সভাপতি ছিলেন। ২০০৪ সালে রাড্ডা সেন্টারের জায়গাটি সমিতির নামে বরাদ্দ চেয়ে করা আবেদনের নথিতেও তার নাম সভাপতি হিসেবে ছিল। অভিযোগ উঠেছে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড' এর নামে রাড্ডার স্বাস্থ্য কেন্দ্রটি দখলের চেষ্টা হচ্ছিল।




