
রাজধানীর পল্লবী এলাকায় ভারী বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরামিক রোডে সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার। তিনি বলেন, ‘সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। কে-বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
জানা গেছে, পুড়ে যাওয়া বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩’। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কদায়ের করা হয়নি।
শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরের দুটি স্থানে, বাড্ডা ও মাতুয়াইলে বাস এবং দক্ষিণ কেরানীগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। একই সময়ে ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসেও আগুন লাগার ঘটনা ঘটে।
এ ছাড়া শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজারসংলগ্ন সড়ক, সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়ক ও কমলা রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের খবর জানায় পুলিশ।




