
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৪ জন, গুলশান বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ১টি দেশীয় ওয়ান শ্যুটারগান, ১টি শিশার কার্তুজ, ২টি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, ১টি পিকআপ, ১১টি মোবাইল ফোন, ১টি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, ২টি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন অপহৃত ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




