
রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারবাগের মোমিনবাগ গলিতে এ অভিযান ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের পাশাপাশি আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের দ্রুত জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
ডিএসসিসি জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




