
রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের সময় পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ৯ হাজার মুখোশ মজুত করা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে এসব মুখোশের পাশাপাশি ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএমপির ব্রিফিংয়ে ক্রাইম প্রিভেনশনের (সাউথ) যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানা-পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জে ইমনের বাসায় অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে একটি আলমারির পেছন থেকে তিনটি বড় কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলোতে ৯ হাজার মুখোশ ছিল। একই স্থান থেকে ককটেল তৈরির বিভিন্ন উপকরণও উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সময় সংশ্লিষ্টদের চেহারা যাতে শনাক্ত করা না যায়, সে উদ্দেশ্যেই এসব মুখোশ সংগ্রহ করা হয়েছিল। পুলিশ আরও জানায়, নিষিদ্ধ দলের এক নেতার নির্দেশে মুখোশ ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করা হয়। পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ভ্যানে করে সেগুলো ইমনের বাসায় পৌঁছে দেন। তবে ওই নেতার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ডিএমপির দাবি, রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ইমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাজনৈতিক নির্দেশনায় বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে ককটেল তৈরির মাধ্যমে আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ছিল বলেও প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক একটি বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, বক্তব্যটি কেন দেওয়া হয়েছে, তা জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত জানাতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।




