
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ২১ নম্বর গেইটসংলগ্ন ৪ নম্বর বোর্ডিং ব্রিজের নিচে অ্যাপ্রোন এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন অধিদপ্তরের কর্মকর্তারা। পরে সন্দেহভাজন দুই বিমানকর্মীর ওপর নজরদারি চালানো হয়। একপর্যায়ে তাদের জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়।
উদ্ধার হওয়া ৮০টি স্বর্ণবার এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর জুতার ভেতরে লুকানো ছিল। তারা হলেন—মো. মানিক মিয়া ও মো. মিজানুর রহমান। দুজনই এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (এটিএইচ) হিসেবে কর্মরত।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। ৮০টি স্বর্ণবারের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এই অভিনব কৌশলের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সার্বিকভাবে তদন্ত করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।




