
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা এক মালয়েশিয়ান নাগরিকের কাছ থেকে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর ওপর নজরদারি করা হয়। ওই যাত্রীর নাম ইয়াং ডন সিউ। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি মালয়েশিয়ার নাগরিক।
ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান থেকে নামার সময় থেকেই ওই যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। পরে তিনি ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদাভাবে তল্লাশি করা হয়।
গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে তল্লাশির একপর্যায়ে রোববার রাত আনুমানিক পৌনে ২টার দিকে তার কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই যাত্রীর কাছ থেকে মোট নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবার রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। স্বর্ণবারগুলোর বিশুদ্ধতার মান ২৪ ক্যারেট।
তল্লাশির সময় দেখা যায়, স্বর্ণবারগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে পেঁচানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকিয়ে বহন করা হচ্ছিল।
কাস্টমস জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের বিষয়ে ‘কাস্টমস আইন ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল এ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী কোনো নথি বা দলিলও তিনি প্রদর্শন করতে পারেননি।
আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন ২০২৩’-এর ধারা ১৯১ অনুযায়ী উদ্ধার করা স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় কাস্টমস হাউস, ঢাকা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রয়েছে।




