
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি এসব এলাকার তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। মেরামত কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




