
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ই-লার্নিং কনটেন্ট উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এলজিইডি সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এ কর্মশালার আয়োজন করে। ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট’ কার্যক্রমের অংশ হিসেবে কনটেন্ট ওভারভিউ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল গড়ে তুলতে ই-লার্নিং কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন ও ব্যবহারবান্ধব কনটেন্ট তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি সহজ হবে। কনটেন্টকে বাস্তবসম্মত ও ব্যবহারবান্ধব করে তুলতে সংশ্লিষ্ট সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ই-লার্নিং কনটেন্টকে আরও কার্যকর, মানসম্মত ও টেকসই করে গড়ে তোলা।
এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের পক্ষে কনটেন্ট ডেভেলপার ইমরান হোসেন কনটেন্টের নকশা ও উন্নয়ন বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট কে এম আবদুল্লাহ আল-মুরাদ, টিম লিড মো. ছাবেদ আলম এবং এজিএম মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর, বিভিন্ন পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী এবং সিনিয়র সহকারী প্রকৌশলীরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ই-লার্নিং কনটেন্টের মানোন্নয়ন, ব্যবহারোপযোগিতা এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ উদ্যোগের মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে এলজিইডির কর্মকর্তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




