
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সিঁড়িতে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সেঁটে দেওয়ার ঘটনাকে ‘নোংরামির চূড়ান্ত সীমা’ হিসেবে অভিহিত করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি সেঁটে দিয়ে নোংরামির চূড়ান্ত সীমা অতিক্রম করা হচ্ছে বলে মনে করছি।’
পোস্টে জিন্নাহর রাজনৈতিক সমালোচনার পক্ষে অবস্থান জানিয়ে হাসিব আল ইসলাম বলেন, ‘সাতচল্লিশ-পরবর্তী মোহাম্মদ আলী জিন্নাহর রাজনৈতিক সমালোচনা আমরা অবশ্যই করব। কিন্তু জিন্নাহকে নিয়ে মাত্রাতিরিক্ত নোংরামি ও হেট্রেডের পর্যায়ে নিয়ে গেলে আমরা চুপ থাকলে অন্যায় হবে।’
জিন্নাহ ইস্যুতে ছাত্রদলের কিছু নেতাকর্মীর ভূমিকা নিয়েও মন্তব্য করেন ছাত্রশক্তির এই নেতা। তার ভাষ্য, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী না বুঝেই জিন্নাহ ইস্যুতে আওয়ামী প্রক্সি পলিটিক্স করছেন।’
একই সঙ্গে ‘দিল্লিপন্থি মুজিববাদী আওয়ামী সিমপ্যাথাইজার বামদের বয়ানের’ ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জিন্নাহর সঙ্গে বাংলাদেশের ভূখণ্ডের দ্বন্দ্বের ধরন ব্যাখ্যা করে হাসিব আল ইসলাম বলেন, ‘জিন্নাহর সঙ্গে আমাদের ভূখণ্ডের দ্বন্দ্ব মূলত রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং প্রাপ্তি-অপ্রাপ্তির হিস্যা সংক্রান্ত।’
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে সংগ্রহশালার ছবি ছিঁড়ে ফেলা, অপসারণ এবং পরে জিন্নাহ ও গোলাম আযমের ছবি নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় সূর্য সেন হলের সিঁড়িতে জিন্নাহর ছবি সেঁটে দেওয়ার ঘটনাটি সামনে আসে।




