
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনস্থ সংগ্রহশালা এবং বিজয় একাত্তর হলের ক্লাবরুমের নামফলক ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এমন কর্মকাণ্ডে ছাত্রদলের দিকে অভিযোগ ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ বন্ধুদের রাজনৈতিক সংকট এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে ভাঙচুরই যেন আজ তাদের একমাত্র অবলম্বন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ‘আমরা যখন গড়ছি, তারা তখন ভাঙছে।’ তার দাবি, চব্বিশ পরবর্তী সময়ে, বিশেষ করে ডাকসু নির্বাচনের পর ইতিবাচক ও গঠনমূলক ছাত্ররাজনীতির এক দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির।
তিনি অভিযোগ করে বলেন, ডাকসু ভবনস্থ সংগ্রহশালার পর বিজয় একাত্তর হল ক্লাবরুমের নামফলক ভাংচুরের ঘটনা স্পষ্টত ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
সাদিক কায়েম আরও বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল রাজনৈতিক কর্মী এই ভাংচুরকেই নিজেদের কর্মসূচি ও রাজনৈতিক সফলতা হিসেবে গ্রহণ করেছে।
কার্যত এই ‘গড়া’ বনাম ‘ভাঙা’র রাজনীতিই আমাদের উভয়পক্ষের আগামীর গতিপথ নির্ধারণ করে দেবে ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করেন তিনি।




