
শহীদ শরিফ ওসমান হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে পাশ থেকে সরিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন- শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, এমন কোনো ঘটনা ঘটেনি কিংবা সিদ্ধান্তও হয়নি। বরং, গত বছরের ২০ ডিসেম্বর ওসমান হাদির কবর খননের সময়কার একটি ছবি ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
ওসমান হাদির কবর স্থানান্তর করা হলে বা এমন সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল প্রাং রতনের সাথে যোগাযোগ করে কালবেলা।
তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ গুজব। এ রকম কোনো কথা আলোচনাই হয়নি প্রশাসনের কোথাও।’
ছবির বিষয়ে যা জানা গেল
রিভার্স ইমেজ সার্চ করে সময়ের আলোর ওয়েবসাইটে গত বছরের ২০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি গত বছরের ২০ ডিসেম্বর ওসমান হাদির কবর খননের সময়কার।
সুতরাং, ওসমান হাদির কবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পাশ থেকে সরিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন- এমন খবর সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।




