
ক্রোয়েশিয়ান ফুটবলের অন্যতম তারকা লুকা মদ্রিচ। বয়স ৪১ পেরোলেও মাঠে তাঁর দাপট যেন কমার কোনো লক্ষণই নেই। বরং বয়সকে যেন কেবল একটি সংখ্যা বানিয়ে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচে গোল করে আরও একটি কীর্তি গড়েছেন মদ্রিচ। তাঁর দুর্দান্ত গোলে ভর করে চেকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ক্রোয়েশিয়া।
ম্যাচের ৪৭তম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মদ্রিচ। তাঁর নেওয়া শটটি জালে জড়াতেই নতুন রেকর্ডে নাম লেখান এই ক্রোয়েশিয়ান তারকা।
৪১ বছর ১৭ দিন বয়সে গোল করে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছেন মদ্রিচ। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক অর্জনের সঙ্গে এবার যোগ হলো আরও একটি অনন্য কীর্তি।
বয়সের ভারে যখন অনেক ফুটবলার মাঠ থেকে বিদায় নেন, তখন মদ্রিচের পারফরম্যান্স যেন উল্টো গল্পই বলছে। অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলে এখনও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন তিনি।
২০২৪ সালের জুনে প্রথমবার ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন মদরিচ। ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ম্যাচে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেদিন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাও হয়েছিলেন তিনি।
মদরিচের আগে ক্রোয়েশিয়ার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতা ছিলেন নিকো কোভাচ। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে কাজাখস্তানের বিপক্ষে যখন কোভাচ গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৬ বছর ১০ মাস ২২ দিন।




