
ডিজিটাল রিপোর্টার্স ফোরামের (ডিআরএফ) উদ্যোগে আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ (এমজেসিএল) সিজন-৪ সফলভাবে আয়োজনের লক্ষ্যে ছয় সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিআরএফ। এতে বলা হয়, টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, সমন্বয়, ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন—তানভীর আহমেদ, রিয়াজ উদ্দিন, ইসমাইল সিরাজী, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও মাসুম জয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্যরা টুর্নামেন্টের দল নিবন্ধন, খেলোয়াড় তালিকা চূড়ান্তকরণ, মাঠ ও খেলা ব্যবস্থাপনা, যোগাযোগ ও সমন্বয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া এমজেসিএল সিজন-৪ আয়োজনের সার্বিক কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয়ও করবে এই কমিটি।
ডিজিটাল রিপোর্টার্স ফোরাম জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্ট কেবল ক্রিকেট প্রতিযোগিতাই নয়, বরং সাংবাদিকদের মিলনমেলা ও পেশাগত ক্লান্তির মাঝে নতুন উদ্দীপনার এক অনন্য আয়োজন হিসেবে পরিগণিত। টুর্নামেন্টে সংশ্লিষ্ট সব দল, খেলোয়াড়, সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।




