
খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির গ্রীনরোড সরকারি স্টাফ কোয়ার্টার, কলাবাগানে ‘গ্রীনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শেখ রবিউল আলম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি পেশা ও জীবিকারও সুযোগ তৈরি করতে পারে। জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে সুনাম অর্জনকারী খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি বলেন, খেলাধুলার সবচেয়ে বড় শিক্ষা হলো জয়কে উপভোগ করা এবং পরাজয়কে মেনে নেওয়া। এই ক্রীড়াসুলভ মানসিকতা সমাজ ও রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও প্রতিষ্ঠা করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শৃঙ্খলা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করে মন্ত্রী বলেন, গ্রীনরোড স্টাফ কোয়ার্টার দীর্ঘদিন ধরে সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এখানকার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক ও নাগরিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন। এ ধরনের আয়োজন সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে।
তিনি জানান, এবারের ফুটবল টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চারটি দল চূড়ান্ত পর্বে ওঠে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের গতি, বল নিয়ন্ত্রণ, সঠিক পাস, আক্রমণাত্মক কৌশল ও দলীয় সমন্বয় প্রশংসনীয় ছিল।
তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে শেখ রবিউল আলম বলেন, তরুণরা যত বেশি খেলাধুলা ও অনুশীলনের সঙ্গে যুক্ত থাকবে, তত বেশি যোগ্য ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে উঠবে। খেলাধুলা নেতৃত্ব, দলীয় চেতনা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরিতে সহায়তা করে।
তিনি আরও বলেন, খেলোয়াড়, দর্শক, গণমাধ্যমকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজ ও দেশের কল্যাণে সবাইকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী শেখ রবিউল আলম।




