
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঘোষিত সূচি অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, স্বাগতিক জিম্বাবুয়ে ও বাছাইপর্বের আরেকটি দল। ফলে গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।
ঘোষিত ফরম্যাট অনুযায়ী, দুই গ্রুপের সেরা সাতটি দল জায়গা করে নেবে সুপার সেভেন পর্বে। সেখান থেকে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। অর্থাৎ, গ্রুপ পর্বে ভালো অবস্থান নিশ্চিত করার পাশাপাশি সুপার সেভেনে জায়গা করে নেয়াই হবে বাংলাদেশের প্রথম লক্ষ্য।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষদের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দুই দলই ওয়ানডে ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। ইংল্যান্ডও বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। এছাড়া শ্রীলঙ্কার রয়েছে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা। ফলে পরের পর্বে যেতে হলে গ্রুপে প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। অক্টোবর থেকে নভেম্বরে তিন দেশে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।




