
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিকোলাস তাগলিয়াফিকোর সময়ও যে শেষের দিকে, তার আভাস মিলেছে তার নিজের কথায়। ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাক জানিয়েছেন, জাতীয় দলের ক্যারিয়ারের ‘শেষ পর্যায়ে’ আছেন তিনি এবং যতটা সম্ভব সময়টা উপভোগ করতে চান।
লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের প্রসঙ্গেও কথা বলেছেন তাগলিয়াফিকো। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির।
মেসির মতো তাগলিয়াফিকোরও আর্জেন্টিনার জার্সিতে শেষের সময় ঘনিয়ে আসছে কি না, এমন প্রশ্নে তিনি বাস্তবতাকে মেনে নেওয়ার কথা বলেছেন।
এজেইজা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাগলিয়াফিকো বলেন, ‘এ ধরনের ঘটনা সবসময়ই কঠিন। তবে এটাও মেনে নিতে হবে যে এটাই বাস্তবতা। একসময় না একসময় এটা ঘটতই।’
দিয়েগো আরমান্দো ম্যারাডোনার বিদায়ের পর যেমন আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে হয়েছিল, মেসিকে হারানোর পরও দলকে একইভাবে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তাগলিয়াফিকো। তার মতে, মেসির পরও দলের জয়ের মানসিকতা ধরে রাখতে হবে এবং ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
‘আমাদের এটা মেনে নিতে হবে। সামনে যা আসছে, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং দল হিসেবে আরও এগিয়ে যেতে হবে। ২০ বছর ধরে আমাদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। এটা কঠিন হবে, কিন্তু আমাদের মেনে নিতে হবে,’ টিওয়াইসি স্পোর্টসকে বলেন তিনি।
মেসির বিদায়কে ঘিরে আলোচনার মধ্যেই তাগলিয়াফিকোরও জাতীয় দলের জার্সিতে শেষ সময়ের আভাস মিলছে। বিভিন্ন সময়ে তিনি বলেছেন, আসন্ন বিশ্বকাপই সম্ভবত তার শেষ হতে পারে। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের উঠে আসার কথা উল্লেখ করে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
আজ সোমবার আর্জেন্টিনায় পৌঁছে বিপুলসংখ্যক সাংবাদিক ও সমর্থকের সামনে সেই কথারই পুনরাবৃত্তি করেন তাগলিয়াফিকো।
তিনি বলেন, ‘আমি শেষ পর্যায়ে আছি। যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। কারণ, যেমনটা বলেছি, কখন শেষ হয়ে যাবে, তা কেউ জানে না। তাই সময়টা উপভোগ করতে হবে।’




