
আন্তর্জাতিক ফুটবলকে ইতোমধ্যেই বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর আলবিসেলেস্তেদের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলবেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা। আর্জেন্টিনার হয়ে সেটাই হয়ে থাকবে লিও’র সবশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ।
এর আগে, মেসির বিদায়ী ম্যাচের সময় চূড়ান্ত হয়েছে। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। যার মধ্যে ইতোমধ্যেই হয়ে গেছে দুটি। এর মধ্যে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে বেনিনের বিপক্ষে ম্যাচটি।
এএফএ’র সূচি অনুযায়ী, ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মনুমেন্টালে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।
বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের পর এটা হবে আর্জেন্টিনার তৃতীয় এবং জাতীয় দলের জার্সিতে এটিই হতে যাচ্ছে লিওর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা সব সময়ই আকাশছোঁয়া। তাই মেসির বিদায়ী ম্যাচটি কীভাবে দেখা যাবে, তা নিয়ে সমর্থকদের আগ্রহও তুঙ্গে।
এই অঞ্চলে কোনো টেলিভিশন চ্যানেল আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব পায়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ZEE5 App এবং তাদের ওয়েবসাইটে ম্যাচ পাস বা ট্যুর পাসের মাধ্যমে খেলাটি লাইভ দেখা যাবে।
এ ছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে। স্পোর্টজিফাইর মতো অ্যাপগুলোতে অনেক সময় বিভিন্ন ম্যাচ সরাসরি দেখানো হয়। তবে এসব অনানুষ্ঠানিক প্ল্যাটফর্মে সম্প্রচারের নিশ্চয়তা থাকে না, পাশাপাশি নিরাপত্তা ও স্ট্রিমের মান নিয়েও ঝুঁকি থাকতে পারে।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও দেখা যাবে টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে।




