
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বেনিনের অধিনায়ক স্টিভ মুনি। বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসিকে নিজের ‘আদর্শ’ মানেন না বলে মন্তব্য করেছেন তিনি।
বুয়েনস আইরেসে হাইভোল্টেজ এই ম্যাচের আগে ফুটবলারদের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি ও দর্শন তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড।
আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকা মহাদেশের দেশ বেনিন।
চোটের কারণে এই ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে মুনিকে, তবে দলের মনোবল বাড়াতে সতীর্থদের সঙ্গেই বুয়েনস আইরেসে এসেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ দলটির বিপক্ষে মাঠে নামার আগে তার উপস্থিতি বেনিন শিবিরের জন্য বড় অনুপ্রেরণা।
মাঠে বিশ্ব ফুটবলের মহা তারকাদের মুখোমুখি হওয়া নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন হাডার্সফিল্ড টাউনের সাবেক এই ফরোয়ার্ড। তারকা খেলোয়াড়দের অন্ধ ভক্ত না হয়ে বরং পেশাদার প্রতিপক্ষ হিসেবে দেখাই তার পছন্দ। আফ্রিকান সংবাদমাধ্যম মেগা স্পোর্টস মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি প্রসঙ্গে তিনি সরাসরিই বলেন, আমি কাউকে আদর্শ মানি না। লিওনেল মেসিকেও আমি আমার আদর্শ মানি না।
পেশাদার ক্যারিয়ারজুড়ে নিজের যে ফুটবল দর্শন মেনে চলেছেন, তার ব্যাখ্যায় মুনি আরও বলেন, আমি ফুটবল ভালোবাসি এবং সেরা খেলোয়াড়দের খেলা দেখতে পছন্দ করি। তারা মাঠে কতটা অবিশ্বাস্য ফুটবল খেলে, তা মনোযোগ দিয়ে খেয়াল করি। তবে বড় কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলার সময় আমি কখনোই কারও কাছে জার্সি চাইনি।
প্রতিপক্ষকে ধরাছোঁয়ার বাইরের কোনো উচ্চতায় না বসালেও ফুটবলে মেসির ঐতিহাসিক অবদানকে বিন্দুমাত্র খাটো করতে রাজি নন বেনিন অধিনায়ক।
বুয়েনস আইরেসে মেসির এই বিদায়ী মুহূর্তের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমি মূলত এটা দেখতেই এখানে এসেছি- মেসি মাঠে কী করেন তা দেখতে। এতগুলো বছর ধরে ফুটবলকে তিনি যা দিয়েছেন, একজন ফুটবলার হিসেবে এই মুহূর্তটি তার পুরোপুরি উপভোগ করা উচিত। এই আনন্দ উদ্যাপনের সবটুকু অধিকার তার আছে।




