
লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে বুয়েন্স এইরেসে এখন শুধুই বিদায়ের সুর। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামবে আর্জেন্টিনা।
বর্ণাঢ্য ক্যারিয়ারের বিদায়বেলায় অধিনায়ককে জয়ে মোড়ানো এক স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চান কোচ লিওনেল স্কালোনি। সেজন্য নিজের সবচেয়ে বিশ্বস্ত একাদশটিই মাঠে নামানোর পরিকল্পনা করেছেন তিনি।
আলবিসেলেস্তেদের গোলপোস্ট সামলানোর দায়িত্বে বরাবরের মতোই থাকছেন নির্ভরযোগ্য এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া রক্ষণভাগের মাঝে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধবেন লিসান্দ্রো মার্তিনেজ।
রোমেরোর আগ্রাসী মেজাজ আর লিসান্দ্রোর দারুণ ট্যাকলিং দক্ষতা স্কালোনির রক্ষণভাগকে দেবে বাড়তি নিরাপত্তা। ঘরের মাঠে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে জাল অক্ষত রাখাটাই হবে এই জুটির প্রধান লক্ষ্য।
রক্ষণভাগের দুই প্রান্তে অবশ্য কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। রাইট-ব্যাক পজিশনে নিষেধাজ্ঞা ও স্কোয়াডে না থাকার কারণে পাওয়া যাচ্ছে না নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েলকে। তাদের বদলে শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন তরুণ অগাস্তিন জিয়াই।
অন্যদিকে, লেফট-ব্যাকে চোট কাটিয়ে নিকোলাস তাগলিয়াফিকো ফিরতে পারবেন কি না, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তিনি খেলতে না পারলে বুরকিনা ফাসোর বিপক্ষে গত ম্যাচে খেলা ফাকুন্দো মেদিনাই মাঠে নামবেন।
আগের দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে না থাকলেও অধিনায়কের বিদায়ী মঞ্চে শেষবারের মতো মেসির সঙ্গে খেলতে একাদশে ফিরছেন রদ্রিগো দি পল। মাঠ ও মাঠের বাইরে মেসির অন্যতম কাছের বন্ধু হিসেবে পরিচিত দি পলের সঙ্গী হবেন এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস মাক আলিস্তার। এই তিনজনের রসায়নেই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চাইবে স্বাগতিকরা।
আক্রমণভাগে মেসির সঙ্গে থাকবেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুই প্রধান ফরোয়ার্ড। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন স্কালোনি।
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; অগাস্তিন জিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক আলিস্তার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।




