
বাকেরগঞ্জে মাদকের আস্তানা ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
রোববার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে গারুড়িয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ওই ইউনিয়নের বাসিন্দা শুভ, রিয়াজ ও শামীমকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে অপরাধের মাত্রা বিবেচনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁর বিচারিক আদেশে আটককৃতদের মধ্যে একজনকে ২ (দুই) মাস এবং অপর দুইজনকে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ গঠনে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী বা প্রভাবশালী যেই হোক না কেন, মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।




