
আগামী পাঁচ বছরের মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহরে রূপান্তর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
মঙ্গলবার কামরাঙ্গীরচরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
কামরাঙ্গীরচরের সম্ভাবনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, বিশ্বের অনেক শহর একসময় ময়লা-আবর্জনা ও নানা প্রতিকূলতায় জর্জরিত ছিল। পরে সঠিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সেসব শহরকে আধুনিক ও দৃষ্টিনন্দন নগরে রূপ দেওয়া হয়েছে। একইভাবে সঠিক মাস্টারপ্ল্যান ও সবার সহযোগিতায় কামরাঙ্গীরচরকেও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহরে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, “আগামী পাঁচ বছরের মধ্যে কামরাঙ্গীরচরকে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তর করা হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা একেকটি ফুটন্ত ফুল। তোমাদের মেধা ও প্রতিভার আলোতেই আগামী দিনের কামরাঙ্গীরচর আলোকিত হবে। নিজেদের সৎ, দায়িত্বশীল ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে।
অনুষ্ঠানে কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




