
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী শিল্পী বেগম ওরফে ফাতেমা (৩৮) এবং তার বর্তমান স্বামী মো. সাখাওয়াত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শিল্পী বেগম ওরফে ফাতেমা নেছারাবাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর স্বরূপকাঠি এলাকার মৃত ফারুক মোল্লার মেয়ে। তার স্বামী মো. সাখাওয়াত হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার মাছরং এলাকার মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আউড়িয়া এলাকায় বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে নেছারাবাদ থানার এসআই নুরুন্নাহারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ইদেলকাঠি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক উত্তম মিস্ত্রির ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিল্পী বেগম ওরফে ফাতেমা ও মো. সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশের দাবি, গ্রেপ্তার শিল্পী বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণ সাপেক্ষ।
এ ঘটনায় নেছারাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান।




